বগুড়ার শেরপুরে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান শেষে বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছেন সাদেকুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী। এ সময় আহত হয়েছে তার বন্ধু সিয়াম (১৬)।
রোববার সকাল ৯টার দিকে নিহতের বাবা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টার দিকে সাদেকুলসহ তার কয়েক বন্ধু বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান।
নিহত সাদেকুল ইসলাম শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং শেরউড ইন্টান্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
আমজাদ হোসেন জানান, বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে শেরপুর-ধুনট সড়কের শালফার শুভলি নামক স্থানে পৌঁছালে একটি দ্রুত গতির বাসের চাপায় গুরুতর আহত হন সাদেকুল ও সিয়াম। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সাদেকুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, মোটরসাইল গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: নাদির হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু কাউকে পাইনি।’
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনায় একজনের নিহতের খবর শুনেছি।’



