পিরোজপুরের কঁচা নদীর ওপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি উদ্বোধনের পর সেতুর দুই প্রান্তে বসেছে নতুন বাজার। ফলে সেতুটির দু’পাড়ে জমে উঠেছে ইলিশ মাছের হাট। মাছ বেচাকেনায় এখন ওই এলাকায় মুখরিত হয়ে উঠছে।
রোববার বিকেলে পরিদর্শনে দেখা যায়, পিরোজপুরের সদর ও কাউখালী উপজেলার মধ্যবর্তী কঁচা নদীর ওপর নির্মিত হয়েছে সেতু। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি উদ্বোধনের পর বরিশালের সাথে খুলনার নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ তৈরি হয়েছে। এই সেতু ঘিরে সেতুর কাউখালী প্রান্তে গড়ে উঠেছে বেকুটিয়া নতুন বাজার। সেতুতে বেড়াতে যাওয়া মানুষের খাবারের চাহিদা মেটাতে বাজারে মুখরোচক খাবার, মৌসুমি ফলসহ নানা পণ্যের ৮০টি দোকান বসেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বেচাকেনার মুখর থাকে এই বাজার। এখানে ঘুরতে আসা পর্যটকরা বাড়ি ফেরার পথে কচাঁ নদীর তাজা ইলিশ ক্রয় করছেন।
বেকুটিয়া নতুন বাজারের মাছ ব্যবসায়ী আব্দুস সালাম জানান, ‘কচাঁ পাড়ের জেলেরা নদী থেকে টাটকা ইলিশ মাছ ধরে বিকেলে এ হাটে বিক্রির জন্য নিয়ে আসে। এ সেতুতে ঘুরতে আসা পর্যটকরা বাড়ি ফেরার পথে তাজা ইলিশ কিনে নিয়ে যান। এখানে ১ কেজি ওজনের ইলিশের হালি ১৭০০ থেকে ১৮০০ টাকা, আধা কেজি ওজনের ইলিশের হালি ৮০০ থেকে ৯০০ টাকা, ৩০০-৪০০ গ্রামের ইলিশের হালি সাড়ে ৪০০ থেকে সাড়ে ৫০০ টাকা ধরে বিক্রি হচ্ছে।’
বঙ্গমাতা সেতুতে ঘুরতে আসা গৃহবধু মর্জিনা বলেন, ‘সেতুতে ঘুরতে এসে তাজা ইলিশ কিনেছি। এখানে এসে খুব ভাল লাগছে।’
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘১৯৯৪ সালে কঁচা নদীর বেকুটিয়া কুমিরমারা এলাকায় ফেরি চলাচল শুরু হয়। এ পথ দিয়ে বরিশাল, খুলনাসহ ১৮ পথে যানবাহন চলাচল করত। গত ৪ সেপ্টেম্বর কঁচা নদীর ওপর সেতুটি উদ্বোধনের পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সেতুর পূর্ব প্রান্তের সড়কের দু’পাশে নতুন বাজার নামে একটি বাজার বসানো হয়। বাজারে ছোট-বড় ৮০টি দোকান আছে। এখানে ইলিশসহ বিভিন্ন প্রকার মাছ, মিষ্টান্ন, বেকারি পণ্যসহ নানা পদের খাবারের দোকান গড়ে উঠেছে। রয়েছে ইলিশের হাট, ডাব, কলা, জাম্বুরাসহ নানা ফলের দোকানও।’
স্থানীয় বাসিন্দা ফকরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন বিকেলে পিরোজপুর শহরসহ আশপাশের এলাকার মানুষ বঙ্গমাতা সেতুতে বেড়াতে আসেন। শুক্রবার ও শনিবার বন্ধের দিন সেতুতে মানুষের অনেক ভিড় হয়। সেতুতে বেড়াতে আসা মানুষ বেকুটিয়া নতুন বাজারে খাওয়া-দাওয়া করেন। মূলত সেতুতে বেড়াতে যাওয়া মানুষের চাহিদা মেটাতে নতুন বাজারটি গড়ে উঠেছে। তবে, এখানে বিশেষ করে প্রতিদিন কচাঁ নদের তাজা ইলিশ পাওয়া যায়।’
চটপটি বিক্রেতা মো: নাসির (৩৫) বলেন, ‘আগে ভাড়ায় মোটরসাইকেল চালাতাম। বেকুটিয়া সেতু খুলে দেয়ার পর নতুন বাজারে ফুচকা-চটপটির দোকান দিয়েছি। এখন প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা আয় হয়। অনেকে ফুচকা-চটপটি খেয়ে তাজা ইলিশ কিনে বাড়ি যায়।’
কাউখালী উপজেলার শংকরপুর গ্রামের সাবেক শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘পিরোজপুরের মানুষ ছাড়াও অনেক দূর থেকে মানুষ বঙ্গমাতা সেতু এলাকায় বেড়াতে আসেন। বেড়াতে আসা মানুষের কেনা-বেচায় মধ্যরাত পর্যন্ত নতুন বাজার মুখর থাকে। অনেকে বেড়াতে এসে কাচাঁ নদের তাজা ইলিশ কিনছে অহরহ।’



