নওগাঁর মান্দায় বালু বোঝাই এক ট্রাক্টরের ধাক্কায় আক্কাস আলী (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরো দু’জন আহত হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ- মান্দা (ফেরিঘাট) সড়কের উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষ্মীরামপুর এলাকায় আয়েদ মৌলভীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আক্কাস আলী উপজেলার লক্ষীরামপুর গ্রামের মৃত ভুদন সরদার ওরফে বুজনের ছেলে।
আহতরা হলেন লক্ষীরামপুর গ্রামের জয়নালের স্ত্রী শিউলি বেগম (২৬) ও ট্রাক্টরের হেলপার মাসুদ রানা (১৯)। তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হেলপার মাসুদ রানার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে লক্ষীরামপুরের মোড় এলাকায় রাস্তার পাশে ওই ভ্যানচালক তার ভ্যান দাঁড় করিয়ে খড়ি বোঝাই করছিলেন। এ সময় মহাদেবপুর উপজেলা সীমানা সংলগ্ন বানডুবি এলাকা থেকে বালুবোঝাই করে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে ফেরিঘাটের দিকে আসছিল। পথে লক্ষ্মীরামপুর এলাকায় আক্কাস আলীর ভ্যানকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় শিউলি খাতুন এবং মাসুদ রানা নামে ওই ট্রাক্টরের এক হেলপার গুরুতর আহত হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



