নরসিংদীর শিবপুরে পরিচয়ের পর বিয়ে করার কথা বলে এক কিশোরীকে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে মামলা হয়েছে। মামলায় ছয় যুবককে গ্রেফতার করেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন।

গ্রেফতাররা হলেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের শফিউদ্দিন ভূইয়ার ছেলে আপেল ভূঁইয়া (৩৭), শিবপুর উপজেলার ধনাইয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ডালিম মিয়া (২০), শাষপুর গ্রামের মরহুম মালেক মির্জার ছেলে জাকির মির্জা (৩৫), ঘাসিরদিয়া গ্রামের রোকন উদ্দিনের ছেলে ফয়সাল (১৯), শাষপুর গ্রামের মরহুম হিরন মিয়ার ছেলে মনির হোসেন (২৭) ও ঘাগটিয়া গ্রামের হান্নানের ছেলে তুহিন (৩২)।

ভুক্তভোগীর বরাতে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মোহাম্মদপুর গ্রামের ওই কিশোরী (১৩) নরসিংদীর মাধবদী থানার গরুহাটা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করতেন। বাসে আসা-যাওয়ার পথে গাড়ির হেলপার ডালিম মিয়ার সাথে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। কথিত প্রেমিক ডালিম গত ৩১ জানুয়ারি রাতে বিয়ে করার কথা বলে তাকে ডেকে আনেন শিবপুরের মুনসেফেরচর এলাকার ভাড়া বাসায়। পরে সেখানে গণধর্ষণ করেন কথিত প্রেমিক ও তার বন্ধুরা। কথিত প্রেমিক ডালিম বিবাহিত বলেও জানতে পারেন ওই কিশোরী। গণধর্ষণের ঘটনায় নয়জনকে আসামি করে শিবপুর মডেল থানায় মামলা করেন নির্যাতিত কিশোরী।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন বলেন, ভুক্তভোগী কিশোরীর অভিযোগের পরপরই শিবপুর ও নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালতে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।