মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুরে তিন প্রতিবন্ধী সন্তানের বাবা আব্দুল কুদ্দুস হত্যার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।
নিহত কুদ্দুসের স্ত্রী শিউলি বাদি হয়ে আবু কালামকে প্রধান আসামি করে রোববার রাতে এ মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ফিরোজকেও এ মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সালাম মিয়া ও এএসআই আব্দুল আজিজকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, এজাহারভুক্ত আসামি হারুন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে। আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করা হয়েছে।