কুমিল্লার চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার সংলগ্ন ঈগগাহ সামনের সড়কে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় জসিম উদ্দিন (৪০) নামে আরো এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।

আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন।

অন্যদিকে, আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ভ্যানে করে মাছ ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কংগাই থেকে রিকশাভ্যানে করে পাইকারি মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওনা হন তারা। পথে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতদল তাদেরকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষনা করেন।

এ দিকে, আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন জসিম উদ্দিন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত দাস গুপ্ত জানান, ‘তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।