ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, বয়স আনুমানিক ৭০ বছর।
মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।
জানা গেছে, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা বালিয়াডাঙ্গীগামী তৃপ্তি পরিবহনের একটি বাস বালিয়াডাঙ্গীর মেসার্স আলী ফিলিং স্টেশনে পৌঁছানোর পর বাসচালক ও হেলপার অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে কোলে করে দোকানের সামনে রেখে যায়। স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। সেখানে চিকিৎসক তার পাকস্থলী পরিষ্কার করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
স্থানীয়দের ধারণা, বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ওই বৃদ্ধ অচেতন হতে পারেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির এলাকাবাসীদের বরাত দিয়ে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা তৃপ্তি পরিবহন নামের একটি কোচ সকালে বালিয়াডাঙ্গী মেসার্স আলী ফিলিং স্টেশনের পৌঁছানোর পর কোচের স্টাফ মিলে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধকে কোলে করে সেখানকার একটি দোকানের সামনে রেখে যায়। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের সহায়তায় অচেতন অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে। বৃদ্ধের গ্রামের বাড়ি কোথায় কিংবা কোনো পরিচয় এখনো সন্ধান মেলেনি। অচেতন থাকায় তার টাকা পয়সা কিংবা কোনো জিনিসপত্র হারিয়ে গেছে কি-না, তা জানা যায়নি। জ্ঞান ফিরলে তার মুখে বিস্তারিতভাবে শোনা যাবে।’
কেউ বৃদ্ধের পরিচয় জেনে থাকলে ০১৭৭৩৫৩৮২৪৬ মোবাইল নম্বরের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।



