চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাটি কাটা বন্ধ করতে রাতভর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গত সোমবার রাত আনুমানিক ১১টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কাঞ্চনা, খাগরিয়া ও ঢেমশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে আটক করে পাঁচ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এ সময় সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আরাফাত, তৌহিদুল আলম বাবুল, আজমগীর, ছিদ্দিক ও মোহাম্মদ শাহাদত।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানান, অভিযান চলমান আছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।