জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা কর্তৃক নারী ধর্ষণ, ছাত্রলীগের অব্যাহত নারী নিপীড়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে দখলদারিত্বের প্রতিবাদে এবং নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও সব ছাত্রসংগঠনের সহাবস্থানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাস সংলগ্ন চানখাঁরপুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা মেডিক্যাল ও বকশিবাজার মোড় অতিক্রম করে শহীদ ফজলে রাব্বি হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা কারাবন্দী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম সোহেলের মুক্তির দাবিতে সেøাগান দিতে থাকেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল বলেন, জনগণের ম্যান্ডেটবিহীন অবৈধ স্বৈরাচারী সরকার ও তাদের চাটুয়া মেরুদণ্ডহীন প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক, সন্ত্রাস ও ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত করেছে। এ দেশের ছাত্রসমাজ ধর্ষণে সেঞ্চুরি মানিকের উত্তরসূরি ছাত্রলীগ থেকে এর বেশি কিবা আশা করতে পারে। জাহাঙ্গীরনগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে নারী শিক্ষার্থীরা ছাত্রলীগ দ্বারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে নিষিদ্ধের মাধ্যমে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করার দাবি জানাই।
সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ সরকারের দলীয় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, মাদককারবারি ও টেন্ডারবাজির সংগঠনে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ আজ আতঙ্কের প্রতিশব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসের অভয়ারণ্য ভেঙে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বজনীন শিক্ষাব্যবস্থা, সহাবস্থান নিশ্চিতকরণ ও নিরাপদ ক্যাম্পাস গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।
এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন- ঢাবি ছাত্রদলের সহসভাপতি হাসানুর রহমান, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ (এফ আর), তরিকুল ইসলাম তারিক, রাজু আহমেদ, নূর আলম ভূঁইয়া ইমন প্রমুখ।