কুয়াকাটার লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো: আনছার উদ্দিন মোল্লা ও তার স্ত্রী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংকের সামনে রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
আহত মো: আনছার উদ্দিন মোল্লা লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
জানা যায়, হামলাকারীরা হাতুরি দিয়ে তার দু’পায়ের হাঁটু পর্যন্ত থেতলে দিয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় তার স্ত্রীর ওপরও হামলা চালানো হয়েছে। হামলার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চেয়ারম্যান বলেন, দিয়ারআমখোলা পাড়ার গ্রামের বাড়ি থেকে আলীপুরস্থ বাসায় ফেরার পথে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম ফকিরের নেতৃত্বে আলম ফকির, সোহেল ফকির, সেলিম ফকির, শাহীন, সুমন, রাজু ও হেলেন কিলার বিউটিসহ আরো কয়েকজন হামলা চালিয়েছে।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক মুমসাদ সায়েম পুনাম বলেন, তার দু’পা ও কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত চেয়ারম্যানের বড় ভাই কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, হামলার পর ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



