চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রেনের সাথে ইঞ্জিনের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ট্রেনচালকসহ তিনজন। একই লাইন ধরে পাহাড়তলী সিজিপিওয়াই ইয়ার্ডে নেয়া পথে হস্টিং ইঞ্জিনটি পেছন থেকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা দেয়।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার ফৌজদারহাট স্টেশন এলাকার ক্যাডেট কলেজ রেলক্রসিং অতিক্রম কালে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেসের সাথে একটি ইঞ্জিনের সংঘর্ষ হয়।

আহতরা হলেন কর্ণফুলী এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ আলী ও সহকারী লোকোমাস্টার নজরুল ইসলাম এবং ইঞ্জিনে থাকা লোকোমাস্টার সবুজ চৌধুরী। এদের মধ্যে সবুজ চৌধুরীকে আহত অবস্থায় এ কে খান আল-আমীন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

অন্য দুজনকে আগেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সহকর্মী মো: ওমর ফারুক।

তিনি বলেন, ‘ফৌজদারহাট স্টেশন মাস্টারের ক্লিয়ারেন্সের পাওয়ার পর চট্টগ্রামের দিকে যাচ্ছিল কর্ণফুলী এক্সপ্রেস। অন্যদিকে একই লাইনে একটি সান্টিং ইঞ্জিন সিজিপিওয়াই ইয়ার্ডে নেয়া হচ্ছিল। এ সময় সংঘর্ষ হয়।’

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, ‘কর্ণফুলী এক্সপ্রেসের সাথে সানটিং ইঞ্জিনের সংঘর্ষ হয়েছে। এতে কর্ণফুলীর কমিউটার ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’