নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ছয়টি পরিবারের বসতবাড়ি। এসময় আগুনে দগ্ধ হয়েছে একজন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ফালাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে ওই গ্রামের সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মহসীন আলী, আবদুস সালাম, হোসেন আলী ও রবিউল ইসলামের বাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি দগ্ধ হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রাম পুলিশ ইয়াদ আলী জানান, বেলা ১১টার দিকে সাইফুল ইসলামের শয়নঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ছয় পরিবারের অন্তত ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

তিনি আরো বলেন, গ্রামের ভেতরে যাতায়াতের রাস্তা সুবিধাজনক না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব ছিল।

ক্ষতিগ্রস্ত হোসেন আলী বলেন, আগুনে সাইদুর রহমান ও সাইফুল ইসলামের পুরো বাড়ি ভস্মীভূত হয়েছে। আগুনের লেলিহান শিখায় ওই দুই পরিবারের ধান, চাল, টাকা-পয়সাসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।

কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য স্থানীয়ভাবে কাজ চলছে।