বরিশালের উজিরপুরে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার কার্ড করতে এসে আটক হলেন এক ভারতীয় নারী। এ ঘটনায় আটক হয়েছেনে আরো দুই বাংলাদেশী।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ।
তারা হলেন ভারতের উড়িষ্যা রাজ্যের বলাঙ্গির জেলার পাটনাগর উপজেলার বনকাবিহার গ্রামের শ্যাম সুন্দর বড়িয়ার মেয়ে সাবিত্রী বড়িয়া (২৯), উজিরপুর উপজেলার সাতলা ৬ নম্বর ওয়ার্ডের মরহুম আব্দুস সালাম হাওলাদারের ছেলে বা সাবিত্রীর স্বামী এবায়দুল হাওলাদার (২৬) এবং ওই নারীর ভাসুর এনামুল হাওলাদার।
পুলিশ ও নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৭ বছর আগে উজিরপুর উপজেলার সাতলা ৬ নম্বর ওয়ার্ডের মরহুম আব্দুস সালাম হাওলাদারের ছেলে এবায়দুল হাওলাদার (২৬) এর বিবাহ হয়। তবে বিবাহের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। বৃহস্পতিবার সাবিত্রীর নাম পরিবর্তন করে হালিমা খানম লিখে ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলা নির্বাচন অফিসে দাখিল করেন। এ সময় সন্দেহ হলে নির্বাচন অফিসার আব্দুর রশিদ তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, বিকেল ৩টার দিকে ভোটার আইডি কার্ড করার জন্য ভূয়া কাগজপত্র জমা দেয়। এরপর তার মুখের ভাষা শুনে সন্দেহ হওয়া অনুপ্রবেশকারী নারীসহ তিনজনকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সাতলা ইউনিয়নে চেয়ারম্যান শাহিন হাওলাদার কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর আহম্মেদ জানান, জিজ্ঞাসাবাদ চলছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।



