বিদেশী সবজি স্কোয়াস চাষ করে সফলতা পেয়েছেন যশোরের শার্শা উপজেলার মনজুরুল আহসান নামের এক চাষি। কৃষি বিভাগের সহযোগিতায় শীতকালীন সবজির পাশাপাশি ২০ শতক জমিতে স্কোয়াস চাষ করে বেশ লাভবান হন তিনি।
চাষি মনজুরুল আহসান উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী। মনজুরুল জানান, কয়েক বছর ধরে আম, বরই, টমেটো, বাঁধাকপি, ফুলকপিসহ বিভিন্ন ধরনের সবজি ও ফল চাষ করে আসছেন তিনি। এবার তিনি শার্শা উপজেলার কৃষি বিভাগের পরামর্শ নিয়ে স্কোয়াসের বীজ সংগ্রহ করেন। এর পর বাড়িতে মিষ্টিকুমড়া বা লাউয়ের মতো এই বীজ বপন করেন। গাছ অঙ্কুরোধগম হওয়ার পর মালচিং পদ্ধতি ব্যবহার করে সেই বীজের চারা উঠিয়ে জমিতে রোপণ করেন। প্রায় দেড় মাস পর ফল আসতে শুরু করে গাছে। বিদেশী কুমড়ার মতো পাতা, ডগা, কাণ্ড দেখে বোঝার উপাই নেই যে, এটি মিষ্টি কুমড়া নাকি স্কোয়াস গাছ।
মনজুরুল বলেন, বীজ রোপণের অল্প দিনের মধ্যেই গাছ বেড়ে ওঠে এবং রোপণের ৩৫-৪০ দিনের মধ্যেই গাছে ফুল আসতে শুরু করে। পরাগায়নের ৫-১০ দিনের মধ্যে ফল সংগ্রহ করতে হয়। বীজ লাগানো থেকে ফল তুলতে সময় লাগে দুই থেকে আড়াই মাস। ফুল ও ফল দেখতে অনেকটা মিষ্টি কুমড়ার মতো। ৫৫-৬০ দিনের ভেতর স্কোয়াস বাজারজাত করা যায়। হেক্টর প্রতি স্কোয়াসের গড় ফলন ৪৫-৫০ মণ। জাত ভেদে কিছুটা কম বেশি হতে পারে। তিনি আরো বলেন, এক বিঘা (৩৩ শতাংশ) জমি থেকে মৌসুমে দুই হাজার ২০০টি স্কোয়াস গাছ লাগানো যায়। একটি গাছে গড়ে ১২-১৯ কেজি ফল হয়। অর্থাৎ এক বিঘা জমিতে স্কোয়াস উৎপাদন হয় প্রায় ২৪ টন।
প্রতি বিঘা জমিতে স্কোয়াস উৎপাদনের জন্য খরচ হয় ৮-১০ হাজার টাকা। কিন্তু এক বিঘা জমি থেকে মুনাফা হয় ৬০-৭০ হাজার টাকা। তবে একটি স্কোয়াস বাজারে ৪৫ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়ায় বেশ লাভ হয়েছে। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় আগামীতে মনজুরুল আরো বেশি জমিতে স্কোয়াস চাষ করবেন বলে জানান।
এ বিষয়ে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ কিশোর ঘোষ বলেন, প্রথমবারের মতো শার্শার মাটিতে বিদেশী সবজি স্কোয়াস চাষ হয়েছে। বাজারে এর ব্যাপক চাহিদা। এটি অনেক পুষ্টিগুণসমৃদ্ধ সবজি। এই সবজি চাষে বেশ লাভবান হওয়া যায় বলে আগামীতে এ উপজেলায় আরো প্রচুর স্কোয়াস চাষ হবে বলে আশা করি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, স্কোয়াস চাষসহ যেকোনো ধরনের সবজি চাষের জন্য আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে থাকি।
বিদেশী সবজি স্কোয়াস চাষে সফল মনজুরুল আহসান
বিদেশী সবজি স্কোয়াস চাষ করে সফলতা পেয়েছেন যশোরের শার্শা উপজেলার মনজুরুল আহসান নামের এক চাষি। কৃষি বিভাগের সহযোগিতায় শীতকালীন সবজির পাশাপাশি ২০ শতক জমিতে স্কোয়াস...



