নওগাঁর মান্দায় চাঞ্চল্যকর পুলিশ কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি বাবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৫ ও র্যাব-২-এর একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম বিষয়টি জানানো হয়। গ্রেফতার বাবুল হোসেন নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের মরহুম আবদুর রহমানের ছেলে।
নিহত পুলিশ কর্মকর্তা নীলফামারী জেলায় ডিএসসিতে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিহত পুলিশ কর্মকর্তা কাজের সুবাদে ২০২৩ সালের ৩ অক্টোবর রাজশাহী জেলা আদালতে সাক্ষ্য দিতে যান। সাক্ষ্য প্রদান শেষে তিনি ও তার বন্ধু মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে যাচ্ছিলেন। পথে বিরামপুর সরকারি কলেজ-সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওগাঁগামী ফারুক পরিবহন নামের একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহন হন। স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহত পুলিশ কর্মকর্তার বাবা বাদি হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর র্যাব-৫, রাজশাহী সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প ও র্যাব-২-এর যৌথ অভিযানিক দল আসামিকে গ্রেফতারের জন্য ব্যাপকভাবে তৎপরতা শুরু করেন। কিন্তু আসামি বাবুল হোসেন চতুরতার সাথে বারবার তার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার চেষ্টা অব্যাহত ছিল।
অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নওগাঁ জেলার মান্দা উপজেলা এলাকা থেকে আসামি বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি বাবুল হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।



