সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামীণ দুই কিলোমিটার কাঁচাসড়ক পাকাকরণের কাজ ফেলে পালিয়েছেন ভূঁইয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
গ্রামীণ সড়ক পাকাকরণের কাজের টেন্ডার হয়েছিল দুই বছর আগে। তখন এই রাস্তার কার্পেটিংয়ের কাজ পায় ভূঁইয়া এন্টারপ্রাইজ। টেন্ডারের এক বছর পর তারা কাজ শুরু করলেও সম্প্রতি তারা কাজ ফেলে সটকে পড়েছে। তবে অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলীর গাফলতির কারণে সড়কটির কাজ বন্ধ হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ধুবিল ইউনিয়নের চকদাউদ-চুনিয়াখাড়া এক কিলোমিটার এবং ধানগড়া ইউনিয়নের ঝাঁপড়া পালপাড়া-করিলাবাড়ি এক কিলোমিটার রাস্তাসহ দুই কিলোমিটার প্যাকেজের চেইন সড়ক পাকাকরণের জন্য বরাদ্দ দেয়া হয় এক কোটি ৫৯ লাখ টাকা। চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শেষ করার কথা ২০২৩ সালের মার্চ মাসে। স্থানীয়রা জানান, প্রায় আট মাস আগে এই সড়কের খানাখন্দ বা ভাঙা গর্তগুলো মাটি দিয়ে সমতল করার পর কাজ বন্ধ হয়ে যায়।
ভূঁইয়া এন্টারপ্রাইজের মালিক রবিউল হাসান জানান, রাস্তার কাজটি ছিল আগের। তখন সব জিনিসের দাম ছিল কম। বর্তমানে রাস্তার কাজের সরঞ্জামের দাম বৃদ্ধি পাওয়ায় কাজটি করতে পারছি না। তবে এই রাস্তার কাজের কাগজপত্র ঢাকায় পাঠিয়েছি। পাস হলে ফের কাজ শুরু করব।
রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতঃপূর্বে আমি বার বার তাগিদ দিয়েছি। তখন তারা কাজটি করেনি।



