সাইবার নিরাপত্তা আইনের আওতায় নীলফামারী জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরো এক থাই জুয়া (লটারি) ও ভিসা প্রতারককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়। এরআগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাগিচাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া যুবকের নাম সাগর হোসাইন (২৪)। তিনি ওই এলাকার বাহারাম হোসেনের ছেলে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম রাসেল পারভেজ বলেন, সাগর হোসাইনের নামে সাইবার নিরাপত্তা আইনে ৩০ জানুয়ারি ভিসা প্রতারণা মামলা হয়েছিল। ওই মামলায় শুক্রবার রাত পৌনে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা সম্ভব হয়। সাগর দীর্ঘদিন থেকে থাই লটারি জুয়া এবং বিভিন্ন দেশের ভিসা দেয়ার নামে প্রবাসী বাংলাদেশীদের সাথে প্রতারণা করে আসছে। এর মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। এরআগে, এ মামলায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও নীলফামারী সদর উপজেলার কয়েকটি ইউনিয়নসহ সৈয়দপুর পৌর এলাকার বিভিন্ন মহল্লাকে অভয়ারণ্য বানিয়ে দীর্ঘদিন থেকে দাপটের সাথে অনলাইন জুয়া থাই লটারির জুয়ারিরা ও ভুয়া ভিসা এজেন্ট প্রতারকরা প্রবাসী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রতারণায় মেতে আছে অসংখ্য যুবক।



