কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতী ইউনিয়নের নোয়াগাঁও লায়ন মজিব-মুনা বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি স্কুলটির ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
গতকাল দুপুরে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রবেশের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে বরণ করে নেয় তাকে। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম তাকে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি ক্রেস্ট উপহার দেন।
এ সময় প্রধান অতিথি বলেন, লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চবিদ্যালয়ে এসে সুন্দর অনুষ্ঠান দেখে মুগ্ধ ও মহাখুশি হয়েছেন তিনি। বিদ্যালয়ে একটি স্মার্ট ক্লাসরুম করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চীনে লেখাপড়া করার সুযোগ করে দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ সময় লায়ন মজিব-মুনা বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের স্ত্রী লি ইউ, রাষ্ট্রদূতের মেয়ে ইয়াও জিয়াউ, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী মহুয়া মমতাজ, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ ও কুলিয়ারচর থানার ওসি মো: সারোয়ার জাহান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ মো: এনামুল হক, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো: লুৎফর রহমান, ছয়সুতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরা মিয়া সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইয়াছিন খন্দকার, ছয়সুতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আনিছুজ্জামান জসিম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য লায়ন বিউটি আক্তার প্রমুখ।



