ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দীঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া দু’টি পা।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়া থেকে পা দুটি উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সকালে বিটঘর গ্রামে গোপাল বাবু নামে পরিচিত একটি দীঘিতে পা দু’টি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পা দু’টি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, জেলা সদর থেকে কিছুদিন আগে মাথা ও পা বিচ্ছিন্ন এক তরুণীর লাশ উদ্ধার করেছিল সদর থানা পুলিশ। পা দু’টি ওই লাশের হয়ে থাকতে পারে। তবে ঘটনার তদন্ত চলছে।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে নবীনগর থানা পুলিশের পাশাপাশি সদর থানার পুলিশ ও ডিবিসহ একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য পা দু’টি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে ফেলে রাখা লাগেজ থেকে মাথা ও পা বিচ্ছিন্ন অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।