পাবনার সাঁথিয়ায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় সাঁথিয়া ও বেড়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের আয়োজনে সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সাঁথিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সমকালের সাঁথিয়া প্রতিনিধি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নুর সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন- যুগান্তরের প্রতিনিধি আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি ও দৈনিক যায়যায়দিনের ফারুক হোসেন, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাই, বেড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম প্রমুখ।