দেশে মেগা প্রকল্প বৃদ্ধির সাথে সাথে পাইলিংয়ের গুরুত্ব বাড়ছে। পাইলিং করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাও অত্যন্ত জরুরি। দেশের অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীরা পাইলিং কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) পুরকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত ‘কাস্ট-ইন-সিটু বোরড পাইলের গুণমান নিয়ন্ত্রণের জন্য লোড এবং ইন্টেগ্রিটি টেস্টের যথার্থ ব্যবহার’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্মাণকাজে পাইলিং যে কত গুরুত্বপূর্ণ, আমাদের দেশ যত উন্নত হচ্ছে ততই বিশেষ করে জিও টেকনিক্যাল প্রকৌশলীরা, পাইলিংয়ের জায়গাগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যখনই আমরা মেগা প্রকল্পগুলো করছি, এখানে পাইলিং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা বিশ্বের দ্বিতীয় খরস্রোতা পদ্মায় পাইলিং করেছি, ফলে এটির গুরুত্ব ক্রমেই বাড়ছে।
তিনি আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বর্তমানে চার লেন। এটি ৮ লেন ১২ লেন হবে। এখানে অনেক লোড তৈরি হবে। অনেকগুলো ফ্লাইওভার হবে, ইন্টারসেকশন হবে। অনেক জায়গায় মাটি দুর্বল রয়েছে, সেগুলো চিহ্নিত করার বিষয় রয়েছে। সে জায়গায় আজকের এই আলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ। আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি। আগামীতে উন্নত দেশ হবো। ফলে আমাদের অবকাঠামো নির্মাণে পাইলিংয়ের গুরুত্ব বাড়তে থাকবে।
স্বাগত বক্তব্যে আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মনজুরুল হক মঞ্জু বলেন, ভবনের ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা মনোযোগ দেই না। তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই প্রবন্ধ উপস্থাপন থেকে আমরা উপকৃত হবো।
আইইবির পুরকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ শিহাবুর রহমান সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইইবি সহসভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: নুরুজ্জামান, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সৈয়দ মঈনুল হাসান। সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৌমিত্র কুমার মুৎসুদ্দি। ধন্যবাদ জ্ঞাপন করেন পুরকৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সতীনাথ বসাক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রিন্সিপাল ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউর ইঞ্জিনিয়ার জিওটেকনিক্যাল ড. প্রকৌশলী এ এইচ এম কামরুজ্জামান।
মেগা প্রকল্প বৃদ্ধির সাথে সাথে পাইলিংয়ের গুরুত্ব বাড়ছে : আইইবি
দেশে মেগা প্রকল্প বৃদ্ধির সাথে সাথে পাইলিংয়ের গুরুত্ব বাড়ছে। পাইলিং করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাও অত্যন্ত জরুরি। দেশের অবকাঠামো উন্নয়নে প্রকৌশলীরা পাইলিং কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা...



