খুলনার পাইকগাছায় এক গৃহবধূকে চোখে-মুখে সুপার গ্লু ও বেঁধে রেখে পাশবিক নির্যাতন করে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার ভোর রাতে পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে উদ্ধার করে তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রোববার গভীর রাতে উপজেলার রাড়ুলীতে এ ঘটনা ঘটে।
ভিকটিমের স্বামী ও স্থানীয়রা জানায়, ‘ব্যবসায়িক কাজে রোববার রাতে ভিকটিমের স্বামী গড়ইখালীতে থাকার সুযোগে ডাকাত দলের সদস্যরা সিঁড়ি ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর প্রথমেই ওই গৃহবধূর চোখে মুখে সুপার গ্লু দিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখ-মুখ বেঁধে রেখে কানের দুল ও নাকফুল ছিঁড়ে নেয়। তারপর বাড়ির আলমারি ও বাক্সে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।’
এ দিকে, ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীরা ধারণা করছেন, এ সময় ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী জানান, ‘তিনি বাড়িতে না থাকার সুযোগে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে স্ত্রীকে পাশবিক নির্যাতন করেছে।’
পাইকগাছা থানার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো: সাইফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওবাইদুর রহমান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
ওসি আরো জানান, ‘ভিকটিমের শারিরীক অবস্থা খারাপ থাকায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি অচেতন রয়েছেন। ভিকটিম থেকে না জেনে তার সাথে ঠিক কি ঘটেছে সেটা নিশ্চিতভাবে জানানো যাচ্ছে না।’



