চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাকা মাদরাসার কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে স্কুলশিক্ষকসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

সোমবার সকালে প্রতিপক্ষরা ফের হামলা চালায়। এর আগে রোববার রাত ৮টার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাকা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুল ইসলামসহ ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হলে শাহাপুর ফাঁড়ি পুলিশ রুস্তম আলী নামের এক ব্যক্তিকে আটক করে।

আহত ব্যক্তিরা হলেন পাকা গ্রামের সানোয়ার হোসেন মালিতা ছেলে সাইফুল ইসলাম (৩৭), মরহুম সামছুদ্দীন বিশ্বাস ছেলে বাবুল উদ্দীন বিশ্বাস (৪৪) ও মরহুম রুহুল আমিনের ছেলে বিপুল হোসেন (৩৪)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাকা দাখিল মাদরাসা পরিচালনা গঠনের জন্য আগামী রোববার (২৫ ফেব্রুয়ারি) দিন ধার্য করা হয়েছে। তবে কমিটিতে কে সভাপতি হবে তা নিয়ে ঘটনার দিন রাত সাড়ে ৮টায় সাইফুল ইসলাম, বাবুল ও বিপুলের সাথে একই গ্রামের রুস্তম আলী, মুকুল ও মিলনদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় বাবলু, বিপুল, সাইফুল ও গোলাম হোসেন আহত হয়। আহতদের মধ্যে সাইফুলের অবস্থা খারাপ হওয়ায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘পাকা আলিয়া মাদরাসা পরিচালনা পর্ষদের নির্বাচনে আমাদেরকে প্রচারণা চালাতে বাধা দেয় রুস্তম আলী, বাকী, ঝুমুক, জিহাদসহ তাদের লোকজন। আমরা ঘটনার ব্যাপারে প্রতিবাদ জানালে রোববার রাত সাড়ে ৮টার দিকে তাদের লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে আমাদেরকে আহত করে। পরের দিন সোমবার সকালে তারা আবারো আমার বাড়িতে হামলা চালায় এবং আমার শিশু সন্তানদের পুড়িয়ে মারার হুমকি দেয়।’

আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম জানান, ‘পাকা দাখিল মাদরাসা কমিটির গঠন করা নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিনজনসহ উভয়পক্ষের ১১ জন আহত হয়। তাদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান বলেন, ‘মাদরাসা কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

ওসি আরো বলেন, ‘ঘটনার সাথে জড়িত রুস্তম আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে।’