আবারো শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী। এ নিয়ে ১৪ বার কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হলেন তিনি।

সোমবার ( ১২ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালে জানুয়ারি মাসের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। 

জানা যায়, এবারের ক্রাইম কনফারেন্সে গত জানুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, ইয়াবা উদ্ধার ও কারবারিকে গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধারসহ কয়েকটি দুঃসাহসিক অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হন মোহাম্মদ আলী।

চকরিয়া থানার দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে তিনি এলাকায় সবার কাছে ব্যতিক্রম আদর্শিক একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত লাভ করেন । তিনিই একমাত্র অফিসার চকরিয়া উপজেলার মাইকিং করে থানায় কোনো ধরনের অনৈতিক লেনদেন বন্ধ ঘোষণা প্রদান করে প্রশংসিত হয়েছেন। তার চাকরিজীবনে ঘুষের কারবার এড়িয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সাদামাটা জীবন-যাপনে অভ্যস্ত ।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রতিক্রিয়ায় জানান, 'কক্সবাজার জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মনোনীত হওয়া এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ (আইজিপি) মহোদয় কর্তৃক প্রেরিত সন্মাননা পুরস্কার প্রাপ্তি আমার জন্য ছিল অনেক আনন্দের। উল্লেখ্য, ইতোপূর্বেও আমাকে ১৩ বার একই কাজের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত করা হয়েছে।'

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার-এডমিন (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন অ্যান্ড ক্রাইম (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার চকরিয়া সার্কেল রকীব উর রাজা, এবং সিআইডি, পিবিআই, এপিবিএন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।