কিশোরগঞ্জের কটিয়াদীতে শতবর্ষের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা শুরু হয়েছে। উজান ভাটির মানুষের কাছে এই মেলা বিনোদনের অন্যতম মাধ্যম। মেলা উপলক্ষে আশপাশের এলাকার মানুষের মধ্যে বিরাজ করে আনন্দময় পরিবেশ। পুরো জেলার মানুষ আসে এই মেলায়। আশপাশের জেলা থেকেও মেলায় আসে অনেক মানুষ। মেলাটি প্রাচীন ও দেশের অন্যতম বড় গ্রামীণ কুড়িখাই মেলা।
গত সোমবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে এই মেলা। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার সদর থেকে ১০ কিলোমিটার ভেতরে মুমুদিয়া ইউনিয়নের কুড়িখাই এলাকায়। এই মেলাটি কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় গ্রামীণ মেলা হিসেবে পরিচিত।
জানা যায়, কুড়িখাই এলাকায় হজরত শাহজালালের (রহ:) বংশধর হজরত শাহ সামছুদ্দীনের (রহ:) সমাধিসংলগ্ন এলাকায় প্রতি বছরের মাঘ মাসের শেষ সোমবার মেলা শুরু হয়। হজরত শাহ সামছুদ্দীন (রহ:) ছিলেন বুজুর্গ লোক। ওনার মৃত্যুর পর স্থানীয়রা ওনার কবরের নিয়ন্ত্রণ নেয়। এবং একপর্যায়ে তা মাজারে রূপান্তর করে মেলা ও ওরস শুরু করে। মাজারে মানুষ টাকা ও জিনিসপত্র দান করা শুরু করে। মোটা অঙ্কের টাকা ওঠে। তবে এমন একজন ওলির কবরকে এভাবে ব্যবহার করায় ক্ষোভ রয়েছে অনেকের মনে।



