নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জনা যায়, হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৪), একই বাড়ির মো: সোহেলের ছেলে মুনতাহা (২) প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ির শিশুদের সাথে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করতে যায়। এ সময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা দুজন। পরে বেলা ১১টায় তাদের সন্ধান না পেয়ে শুরু হয় চারদিকে খোঁজাখুঁজি। পরে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে তাদের দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সুবর্ণচরে নিহত শিশু মুজাহিদের মামা আরিফ হোসেন জানান, মুজাহিদুল ইসলাম আমার বোনের একমাত্র সন্তান। মঙ্গলবার সকাল থেকে বাড়ির শিশুদের সাথে ঘরের বাইরে খেলাধুলা করছিল সে। তার মা ও পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিল। এরমধ্যে কোনো একসময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে মুজাহিদকে (৩) উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান, বিষয়টি নিহতের পরিবার থানা পুলিশকে অবহিত করেনি।



