ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়কে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিয়াজুল ইসলাম রিসাত (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সন্দ্বীপ নামে একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল রাণীশংকৈল-নেকমরদ সড়কের কুমারগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিসাত রাণীশংকৈল পৌরশহরের ভান্ডারা গ্রামের দবিরুল ইসলামের ছেলে। আহত সন্দ্বীপ একই গ্রামের সুভাষ চন্দ্র রায়ের ছেলে। নিহত রিসাত দ্বাদশ এবং সন্দ্বীপ একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিসাত ও আহত সন্দ্বীপ মটরসাইকেল যোগে রাণীশংকৈল থেকে নেকমরদ যাওয়ার পথে কুমোরগঞ্জ সিরাজুলের ঘুন্টির সামনে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা মাথা ও মুখে প্রচণ্ড আঘাত পায়। এতে ঘটনাস্থলেই রিসাত মারা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সন্দ্বীপকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্মরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



