ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলে বাকির টাকা চাওয়ায় ক্যান্টিন মালিকের সাথে খারাপ ব্যবহার ও মারধর করে দাড়ি ছিঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গত সোমবার দুপুরে সূর্যসেন হলের ক্যান্টিনে মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মো: আরাফাত হোসেন অভি। তিনি হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। ভুক্তভোগী ক্যান্টিন মালিক মো: ফাহিম এ ব্যাপারে ঘটনার দিন হল প্রাধক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী বলেন, আমি মো: ফাহিম সূর্যসেন হলের ক্যান্টিন পরিচালক। দুপুরের খাবারের সময় আমি ক্যান্টিনের ক্যাশে বসা ছিলাম। এমন সময় মো: আরাফাত হোসেন অভি এসে আমার কাছে খাবার চায়। আমি তাকে খাবার দেই এবং খাওয়া শেষে আগের বাকি টাকা ২৬৫০ টাকা তার কাছে চাইলে তিনি আমার ওপরে হামলা করেন।
তিনি আমার গায়ে হাত তোলেন এবং আমাকেসহ আমার ম্যানেজারকে দুই দফা মারধর করেন। এ সময়ে তিনি আমার দাড়ি, শার্ট, গেঞ্জি টেনে ছিঁড়ে ফেলেন। আমি নিরূপায় হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যাই এবং হলের ছাত্রদের কাছে আশ্রয় নেই। উল্লেখ্য, এর আগে তিনবার তার কাছে টাকা চাওয়াতে তিনি আমাকে রুমে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দেন। আমার সাথে ঘটে যাওয়া ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার কামনা করছি। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা’ সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।