নীলফামারীর সৈয়দপুরে মসজিদে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় ভোলা কোরাইশী (৫৩) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

বুধবার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আল ফারুক অ্যাকাডেমি সংলগ্ন বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে।

ভোলা কোরাইশী বাঁশবাড়ী পুরাতন কিলখানা মহল্লার বাসিন্দা মরহুম খয়রাতী কোরাইশীর ছেলে। তিনি পেশায় একজন গোশত ব্যবসায়ী (কসাই) ছিলেন।

জানা যায়, প্রতিদিনের মতো ভোরে বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। সেখানে সুন্নত নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় তিনি মারা যান। ফরজ নামাজ শুরু হলে অন্যান্য মুসল্লিরা ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে ফরজ নামাজ শেষ করে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মারা গেছেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন।

মরহুমের ছোট ভাই সৈয়দপুর গোশত ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশী (ছটু) জানান, ‘বড় ভাই ভোলা কোরাইশী অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। নিয়মিত নামাজ আদায় করতেন। সারা বচ্ছরই সপ্তাহে তিন দিন নফল রোজা পালন করতেন। সম্প্রতি তিনি নামাজের পর প্রতিদিন মুয়াজ্জিন সাহেবের কাছে সহীহ পদ্ধতিতে কোরআন শরিফ পড়া শিখতেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ নামাজে এশা জামে রিজভীয়া মসজিদ প্রাঙ্গণে নতুবা জায়গা সংকুলান না হলে পাশেই আল ফারুক অ্যাকাডেমি মাঠে আদায় করা হবে এবং মরহুমকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।

এ দিকে, সৈয়দপুর উপজেলা গোশত ব্যবসায়ী সমিতি গভীর শোক প্রকাশ করে মরহুমের সম্মানে আজ দিনভর তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতারাসহ জন প্রতিনিধি, বিশিষ্টজন, ব্যবসায়ীগণ গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।