ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দু’টি সংঘর্ষের ঘটনায় সাতজন ‍আহত হয়েছেন।

বুধবার সকালে নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর ও লাপাং গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের কালাম মিয়ার গ্রুপের খলিল মিয়ার ছেলে অর্জুনকে (৭) সাইকেল চালানোর সময় একই এলাকার আরিফ মিয়ার গ্রুপের খলিল মিয়ার ছেলে রিফাত (১৫) চর থাপ্পর দিয়েছে। এরই জের ধরে দুই গ্রুপের লোকজন আজ সকালে সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের নারীসহ পাঁচ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ইসমাইল (৫০) আ. আলিম (২৬), রবিউল (৩৬), আশেদা বেগমকে (১৬) উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিয়ারা নবীনগর হাসপাতালে ভর্তি রয়েছেন।

অন্যদিকে, তুচ্ছ ঘটনায় একই ইউনিয়নের লাপাং গ্রামে এক সংঘর্ষে কাদির মিয়া (৫০) ও আনোয়ারা বেগম (৪০) নামে দুই জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।