গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মতকুলা গ্রামের মরহুম মেছের উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

জিএমপি’র গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রফিকুল ইসলাম হারিকেন এলাকায় নিজের ভ্যান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী পাথর বোঝাই একটি ট্রাক তার ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।