দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিরোজপুরের আলোচিত ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ একাধিক মামলায় এহসান গ্রুপের অফিস সহকারী নাজমুল ইসলাম খানকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে পিরোজপুর সদরের খলিসাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি আসিকুজ্জামান বলেন, দীর্ঘ দিন আত্মগোপনে থাকা একাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত নাজমুল ইসলাম খানকে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে নাজমুলকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
পিরোজপুরে এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাই, স্ত্রী সালমা আহসান, বাবা আব্দুর রব ও চাচাতো ভাই নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর আদালতে ও পিরোজপুর সদর থানাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা চলমান রয়েছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগের ধারণা প্রচার করতেন রাগীব আহসান।
এভাবে ২০০৮ থেকে পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, ঝালকাঠিসহ আশপাশের বিভিন্ন জেলার লাখো গ্রাহকের কাছ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে।