মাগুরার মহম্মদপুর উপজেলার সদরে এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকে বের হওয়ার পথে এক পরীক্ষার্থীর ওপর তার সাবেক স্বামী ছুরি নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
হামলাকারী সুমন মণ্ডল (২৪) বোয়ালমারী উপজেলার হাটখোলারচর গ্রামের শুকুর মোল্যার ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ওই পরীক্ষার্থী বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে বের হলে তার সাবেক স্বামী সুমন মণ্ডল ছুরি নিয়ে হত্যার চেষ্টা করেন। পরে ওই ছাত্রী এক দোকানে ঢুকে পড়েন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে আসে এবং তার সাবেক স্বামীকে ধরে পুলিশে দেয়। এ সময় এক ছাত্র আহত হন। আহত ছাত্র এবং হামলার শিকার ছাত্রীকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ওই ছাত্রীর স্বজনেরা জানায়, হামলাকারী সুমন মণ্ডলের সাথে ওই ছাত্রীর বিয়ে হয় ছয়-সাত মাস আগে। এর কয়েক দিন পরে ওই ছাত্রী সুমন মণ্ডলকে তালাক দিয়ে দেন। এরপর থেকে সুমন মণ্ডল তাকে উত্যক্ত করতে থাকেন।
মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম জানান, পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা পক্রিয়াধীন রয়েছে।



