নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইসরাফিল মোল্যা (৫০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন, নিহতের বৃদ্ধ মা কদভানু, স্ত্রী রোজিনা বেগম, মেয়ে মিতা খানম, মাতব্বর গোলাম মোস্তফা নিপু ও পিকুল মোল্যাসহ আরো অনেকে। বক্তারা অবিলম্বে ইসরাফিল হত্যা মামলার আসামিদের গ্রেফতার এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের দাবি জানান।
গত ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে কৃষক ইসরাফিল মোল্যা নিহত হন। নিহতের পরিবার জানায়, কালিয়ার চাঁচুড়ি বিলে একটি মাছের ঘের নিয়ে নফু মোল্যার সাথে প্রিন্স ফকিরের বিরোধ ছিল। এ নিয়ে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটে। এর জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।