গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল প্রবেশপত্র তৈরি করে এসএসসি পরীক্ষা দিতে এসে ধরা খেলেন জিসান শেখ নামের এক পরীক্ষার্থী।
বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিন উপজেলার সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
জিসান সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের মনির শেখের ছেলে এবং পল্লী মঙ্গল ইউনাইটেড অ্যাকাডেমি অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
জানা যায়, জিসান ২০২৪ সালের এসএসসির টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হন। এতে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে সুযোগ দেয়নি। অন্যদিকে, একই শিক্ষা প্রতিষ্ঠানের রিফাত শেখ নামক আরেক শিক্ষার্থী গত বছরে এসএসসি পরীক্ষায় শুধুমাত্র গণিত বিষয়ে ফেল করে। উক্ত রিফাতের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ২৫ হাজার টাকার বিনিময়ে চাচাতো বোনের স্বামী ইয়াসিন মিনার মাধ্যমে জাল করে জিসান এ বছর পরীক্ষা দিতে আসে। কিন্তু পরীক্ষা শীটে স্বাক্ষর করার সময় কর্তব্যরত শিক্ষকের হাতে ধরা পড়ে সে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে তিন বছরের জন্য পরীক্ষা থেকে বহিস্কার করে নিয়মিত মামলা রুজু করার জন্য নির্দেশ দেন পুলিশকে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম বলেন, ‘পাবলিক পরীক্ষা অ্যাক্ট আইনে মামলা করে ভূয়া পরীক্ষার্থী জিসান শেখকে কোর্টে পাঠানো হয়েছে।



