সৌদি আরবের রিয়াদ শহরে কাজ করতে গিয়ে মাটি চাপায় সিলেটের দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দুইজন শ্রমিক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সন্ধ্যা ৭টায় রিয়াদের বলিবার্ড আলবাওয়ানি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া। আহতরাও একই জেলার নুরুল আমিন ও রাজিব মিয়া।
নিহত নাছিরের বাবা বিলাল উদ্দীন জানান, নাছির ও তেরা মিয়া বেশ কয়েক দিন আগে সৌদি আরবে যান। রিয়াদ শহরের বলিবার্ড আলবাওয়ানি এলাকায় গিয়ে নিয়মিত কাজ করতেন। কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে নাছির ও তেরা মিয়া নিহত হন।
সংবাদ স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত দুই শ্রমিকের লাশ দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানান নিহতদের পরিবার। এদিকে আকস্মিক সিলেটের দুই শ্রমিক নিহত হওয়ায় নিহতদের পরিবারে বইছে শোকের ছায়া।