গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল প্রবেশপত্র তৈরি করে এসএসসি পরীক্ষা দিতে এসে জিসান শেখ নামে এক পরীক্ষার্থী শ্রীঘরে। সে সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের মনির শেখের ছেলে এবং পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমি অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। গত বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিন উপজেলার সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, জিসান এবারের এসএসসি টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হয়। ফলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ দেয়নি। অন্য দিকে, একই শিক্ষাপ্রতিষ্ঠানের রিফাত শেখ নামে এক শিক্ষার্থী গত বছর এসএসসি পরীক্ষায় শুধুমাত্র গণিত বিষয়ে ফেল করে। জিসান এবার রিফাতের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড জাল করে এ বছর পরীক্ষা দিতে আসে। কিন্তু পরীক্ষার শিটে স্বাক্ষর করার সময় কর্তব্যরত শিক্ষকের হাতে ধরা পড়ে সে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে জিসান শেখকে তিন বছরের জন্য পরীক্ষা থেকে বহিষ্কার করে নিয়মিত মামলা রুজু করার জন্য নির্দেশ দেন। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন, পাবলিক পরীক্ষা অ্যাক্ট আইনে মামলা রুজু করে জিসানকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।