চিরিরবন্দরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিয়াপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরীফুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ স্বীকার করায় দুই যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, স্কুল থেকে বিকেল সাড়ে ৩টায় অতিরিক্ত ক্লাস শেষে জনৈক স্কুলছাত্রী বিকেলে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নতুন পাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে আরিফুর রহমান ও একই উপজেলার চেংমারী এলাকার নুরুজ্জামানের ছেলে নাঈমুর রাহাত সৌরভ মোটরসাইকেলে এসে ওই স্কুলছাত্রীর পথরোধ করে উত্ত্যক্ত করে। তারা ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করে। ওই স্কুলছাত্রী একটি ভ্যানে উঠে দ্রুত বাড়ির দিকে রওনা দিলে ওই যুবকেরা পিছু নিয়ে মেয়েটির বাড়ির পাশে যায়। এ সময় ওই স্কুলছাত্রী ভ্যান থেকে নেমে দৌঁড়ে দ্রুত একটি বাড়িতে ঢুকে পড়লে আশপাশের লোকজন ঘটনাটি দেখে যুবকদের আটক করে রাখে।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি জানালে তিনি ও থানার ওসি আবুল হাসনাত খান দ্রুত এসে মেয়ের জবানবন্দী শুনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যুবকদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।