বগুড়ার শিবগঞ্জে এসএসসি পরীক্ষার হলে স্মার্ট ফোন ব্যবহারের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ১১ শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার উপজেলার গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
অব্যাহতি প্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেন- উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পলাশ চন্দ্র রায়, ভরিয়া উচ্চ বিদ্যালয়ের আয়শা সিতারা, আব্দুল হাকিম, চণ্ডিহারা বালিকা উচ্চ বিদ্যালয়ের কামরুল হাসান, হাবিবা আক্তার, দেউলি জহুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, অঞ্জলী রানী রায়, গাংনগর উচ্চ বিদ্যালয়ের উজ্জ্বল কুমার, আব্দুস সামাদ ও মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মফিজুল ইসলাম। অসাদুপায় অলম্বন ও স্মার্ট ফোন ব্যবহারের দায়ে ধাওয়াগীর উচ্চ বিদ্যালয়ের তিনজন, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের একজন ও মহাব্বত নন্দীপুর উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কেন্দ্রের দায়িত্বরত সচিব মো: তোজাম্মেল হক বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিদিন যথারীতি পরীক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করে নেয়া হয়। তবে স্মার্ট ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করা খুবই দুঃখজনক ব্যাপার।