বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহা: হাশিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে সাক্ষাৎ করেছেন।
গতকাল রোববার সকালে ভিসি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। এ সময় পেন্ডিডিকান সুলতান ইদ্রিস বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ অনুষদের ডিন অধ্যাপক মাজুরা মাস্তুরা মুহাম্মদ এবং হাইকমিশনের প্রধান চ্যান্সারি আনিস ওয়াজদি মোহাম্মদ ইউসুফ তার সাথে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পেন্ডিডিকান সুলতান ইদ্রিস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গবেষণা জার্নাল প্রকাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দু’দেশের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আমি আশা প্রকাশ করছি। ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান। পরে মালয়েশিয়ার হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের মালয় স্টাডিজ সেন্টার পরিদর্শন করেন।