ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে একটি রাইস মিলের বয়লারের গরম পানিতে চিহারু মোহাম্মদ (৬২) নামের এক শ্রমিক ঝলসে গেছে।
সোমবার সকাল ৮টার দিকে কর্ণফুলী বাজার সংলগ্ন কর্ণফুলী রাইস মিলে এ ঘটনাটি ঘটে।
চিহারু রুহিয়া ইউনিয়নের ঘনিবৃষ্টপুর গ্রামের সুনু আলীর ছেলে।
খবর পেয়ে রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রউফ গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শাহাজাহান ইসলাম বলেন, ‘চিহারু বয়লারের চুলার সামনে বসে আগুন দিচ্ছিলেন। হঠাৎ বয়লার ফুটো হয়ে গরম পানি তার শরীরে পড়ে। এতে তার গোটা শরীর ঝলসে যায়।’
এ ঘটনায় মিলের ভাড়া মালিক সাহেরুল ইসলাম জানান, ‘দুর্ঘটনার পরই তাকে (চিহারু) ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করি। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমি তার সাথে হাসপাতালে আছি।’
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গুলফামুল ইসলাম জানান, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



