চিরিরবন্দরে ইসলামী মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় রাকিব হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

রাকিব উপজেলার বড় হাশিমপুর নয়াপাড়া গ্রামের খয়রাত হোসেনের নাতী ও বড় হাসিমপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী উপজেলার অনুর্ধ ১৭ ফুটবল খেলোয়াড় জিয়াউর রহমান জানান, ‘রাকিব নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আমাদের সাথে পাশের মেড়াইডাঙ্গা গ্রামে ইসলামী মাহফিলে গিয়েছিলাম। মাহফিল শেষে আমরা হেঁটে বাড়ি ফেরার পথে বিন্যাকুড়ি বাজারের কাছে সোনালী ব্যাংকের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে হেডলাইট বন্ধ করা দ্রুতগতির একটি মোটরসাইকেল আমাদের ধাক্কা দেয়। এ সময় রাকিব পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আমরা রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।’

চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) জাকির হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ওই ছাত্রের দাদা খয়রাত হোসেন উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দিঘারণ গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মোটরসাইকেলচালক মিজানুর রহমান (৩২) ও একই এলাকার মাহবুর রহমানের ছেলে মোটরসাইকেল আরোহী মতিউর রহমানকে আসামি করে থানায় মামলা করেছেন।’

তিনি আরো বলেন, ‘মোটরসাইকেলটি থানায় আটক আছে। আটক মোটরসাইকেলচালক মিজানুর রহমানকে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে।’