লালমনিরহাটের পাটগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু,জন আহত হয়েছে।
নিহতরা হলেন বুড়িমারী ইউনিয়নের কল্লাটারী মৌজার আব্দুর রহিম ওরফে সোলা মিয়ার ছেলে আমিনুর রহমান (৩০) এবং উপজেলার টেপুরগাড়ি গ্রামের ধওলা মিয়ার ছেলে শহিদার রহমান।
পুলিশ জানায়, আমিনুর আজ সকাল ১১টার দিকে মোটরসাইকেলচালক মতিজুলের পেছনে বসে লালমনিরহাট বুড়িমারীগামী মহাসড়ক দিয়ে ঘুন্টি বাজার আসছিল। পথে ওই বাজারের নির্মাণাধীন নেসকো ভবনের পাশে পাথরবোঝাই ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন তারা। এ সময় আমিনুর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত ও চালক মতিজুল গুরুতর আহত হন। পরে আহত মতিজুলকে পাটগ্রাম হসপিটালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটিকে হাইওয়ে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
অন্যদিকে নিহত শহিদারের লাশ একইদিন সকাল ১০টার দিকে থানা পুলিশ পাটগ্রাম বুড়িমারী মহাসড়কের পাশে চৈতের বাজার সংলগ্ন একটি তামাক ক্ষেত থেকে উদ্ধার করে।
পুলিশের ধারণা, রোববার রাতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় তিনি নিহত হতে পারেন। পুলিশ তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লালমনিরহাট মর্গে পাঠিয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।



