খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল ও ক্রোকারিজসহ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে চোখের পলকে আগুন জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারিজ ও আলিফ স্টোরে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী, ফায়ার সার্ভিস, পানছড়ি থানা পুলিশ ও সেনা সদস্যদের দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারিজ ও আলিফ স্টোর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া পাশে থাকা মক্কা স্টোরসহ দু’তিনটি দোকান ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পানছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের অবস্থা ভয়াবহ থাকলেও সকলের সহযোগিতায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত করে জানানো হবে।