খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পর্যটকবাহী বাস ও পিকআপের সংঘর্ষে প্রীতি বালা গুহ (৪৫) ও অনিমা ঘোষ (৬৫) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গার সামপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা উভয়ে খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা।

জানা যায়, সকালে খাগড়াছড়ি থেকে পিকআপে করে গুইমারায় অনিমা ঘোষসহ তার আত্মীয় স্বজনরা মেয়ের শ্বশুর বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রকি পরিবহণ নামে পর্যটকবাহী একটি বাস এসে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা যাত্রীরা আহত হয়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হলে দু’জনকে মৃত ঘোষণা করা হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার রিপল বাপ্পি জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর জানান, দুর্ঘটনার পর বাসের চালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।