গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবাও আহত অবস্থায় হাসপাাতলে ভর্তি হয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেয়ে হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে ইযাসমিন আক্তার বৃষ্টি (১৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুলু মন্ডল দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে গাইবান্ধা জেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় তার শ্বশুর চাঁন মিয়ার বাড়িতে আসেন। বুলু মন্ডল বিয়ের পর থেকেই তার স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকত। তার ধারাবাহিকতা বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি বাবাকে ঝগড়া করতে নিষেধ করলে একপর্যায়ে মেয়ের কথায় ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে বৃষ্টির গলায় কোপ দেন। এতে গুরুতর আহত হয় বৃষ্টি।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানা পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই লাশটি উদ্ধার করে। মেয়েকে হত্যার পর বুলু মন্ডল তার হাতে থাকা ছুরি দিয়ে নিজে শরীরে আঘাত করলে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিন হাসপাতালে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।



