গাজীপুরের কালিয়াকৈরে মেয়েকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবাও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। নিহত হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মণ্ডলের মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুলু মণ্ডল দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে গাইবান্ধা জেলা থেকে স্ত্রী সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় তার শ^শুর চান মিয়ার বাড়িতে আসেন। বুলু মণ্ডল বিয়ের পর থেকেই তার স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকত। তার ধারাবাহিকতায় বুধবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার বাবাকে ঝগড়া করতে নিষেধ করলে একপর্যায়ে মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টির কথায় ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে বৃষ্টির গলায় কোপ দেয় ।
এতে গুরুতর আহত হয় বৃষ্টি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানা পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে।
এরপর বুলু মণ্ডল তার হাতে থাকা ছুরি দিয়ে নিজে শরীরে আঘাত করলে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।



