ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নবীনগর-রাধিকা সড়কের কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই বড়হিত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের শাহজাহানের ছেলে এনামুল (২৬)।
অন্যদিকে, এই ঘটনায় আহত ব্যক্তি হলেন ব্রাহ্মণহাতা গ্রামের মো: আলামিন মিয়ার ছেলে মো: রাকিব মিয়া (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলার বড়হিত মৌড়ের পূর্ব পাশে নবীনগর-রাধিকা সড়কে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে শিবপুরের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালকসহ সহকারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এতে গুরুতর আহত হন ট্রাক্টরের আরেক সহকারী। পরে স্থানীয়রা গুরুতর আহত হওয়া ব্যাক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
তারা আরো বলেন, অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানো এবং নবীনগর-রাধিকা রোড নতুন হওয়ায় গাড়ির ড্রাইভারগুলো বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এতে প্রায় দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক এনামুল ও তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টরচালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।



