কিশোরগঞ্জের কটিয়াদীতে বাবার লাশ কবরে রেখে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন আবনি নাসরিন পূর্ণ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তিনি কটিয়াদী কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। তিনি কটিয়াদী পশ্চিম পাড়ার বাসিন্দা।

পরীক্ষার্থীর সহপাঠীরা বলেন, তার অভিভাবকের অনেক আশা ছিল আমাদের বান্ধবী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন বাবা ফজলুর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগেই তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। বাবার লাশ সকালে কবরে রেখেই শোকাহত অবস্থায় আজকের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে তাকে।

জানা যায়, কটিয়াদী বাজারের ব্যাবসায়ী ফজলুর রহমান দুদুমিয়া গতকাল বুধবার দিবাগত রাতে হৃদরোগে মারা যান। বৃহস্পতিবার সকালেই দাফন সম্পন্ন হয়। ওই দিনই তার দ্বিতীয় মেয়ের চলমান এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। বাবার মৃত্যুর শোক নিয়েই অংশগ্রহণ করতে হয়েছে পরীক্ষায়।

পরীক্ষায় খাতা পেয়ে তার কথা মনে পড়তেই কেঁদে ফেলেন ওই শিক্ষার্থী। পরীক্ষার্থীর কান্না দেখে সহপাঠিসহ পরীক্ষায় দায়িত্বরত কক্ষ পরিদর্শকরা তাকে বুঝিয়ে শুনিয়ে শোকাহত অবস্থায় চোখের পানি মুছে পরীক্ষার খাতায় লিখতে বলেন। এ সময় তাকে পরামর্শ দিয়ে বলেন, মানুষ মাত্রই মরণশীল। একদিন সবাইকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই এখন না কেঁদে শুধু পরীক্ষাটা দিয়ে যাও। দেখ তুমি একদিন তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবে।

কটিয়াদী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তাছাড়া আবনি নাসরিন পূর্ণ আমার প্রতিষ্ঠানের একজন মেধাবী শিক্ষার্থী। আমরাও শোকাহত। আমি, পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত কক্ষ পরিদর্শকসহ সবাই তাকে পরীক্ষা দেয়ার জন্য শান্ত্বনা দিয়েছি।