ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদেশফেরত ঋণগ্রস্ত নিজাম উদ্দিন (২৮) নামে এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজামের মৃত্যু হয়। নিজাম উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর কালিতলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার মধুপুর কালিতলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মানব পাচারকারী জুয়েল রানা কিছুদিন আগে প্রতিবেশী নিজামসহ এলাকার বেশ কিছু যুবককে লোভ দেখিয়ে বিদেশে চাকরি দেয়ার কথা বলে তাদের কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা নিয়ে বিদেশে পাঠায়। কিন্তু নিজাম বিদেশে গিয়ে কাজ না পাওয়ায় কয়েক দিন পরই দেশে ফিরে আসেন। নিজাম বাড়িতে এসে জুয়েলের কাছে টাকা ফেরত চেয়ে না পেয়ে গত মঙ্গলবার বিষাক্ত গ্যাস পানে আত্মহত্যা করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল মর্গে রয়েছে। এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের হয়।



